চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পণ্যবাহী পিকআপের চাপায় মো. দানু (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শুকলালহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দানু বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পণ্যবাহী পিকআপের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পিকআপটি নিয়ে পালিয়ে যান চালক।
খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম দুর্ঘটনা ও মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
