চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসানের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকায়। তার বাবার নাম সুলতান শিকদার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরের খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় একটি ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হন মেহেদী হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
তবে ঠিক কী কারণে বা কীভাবে মেহেদী হাসান ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি ঘিরে বিস্তারিত তথ্য জানার অপেক্ষা রয়েছে।
আরু|ইতি
