Tuesday, June 23, 2026

নগরের ৭ থানা-১২ ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কমিটি একাংশের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

 

নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এক রাতেই ৭ থানা ও ১২টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি গঠনের বিষয়ে জানেন না নগর স্বেচ্ছাসেবকলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক নেতাই।তারা এ কমিটির সঙ্গে নগর স্বেচ্ছাসেবকলীগের কোনো সম্পর্ক নেই বলে প্রতিবাদও জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের প্রতবিাদ জানান চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবকলীগের গুরুপূর্ণ পদে থাকা ১২ নেতা।

 

তাদের স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, ফেসবুকে প্রচারিত স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের ঘোষিত কমিটি অবৈধ এবং সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

নিম্ন স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগর কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছি গতকাল রাত (১৪ মার্চ) আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফেসবুকের বিভিন্ন আইডি থেকে প্রচারিত কমিটি ভাইরাল করা হয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় কর্মীদের জানাচ্ছি উক্ত প্রচারিত কমিটির সঙ্গে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নুন্যতম সম্পর্ক নেই।

 

আমরা কোন অপরাজনীতিতে বিশ্বাসী নই। সন্ত্রাস, মাদকমুক্ত কমিটি গঠনই আমাদের লক্ষ্য। যা অচিরেই প্রকাশিত হবে।

 

প্রতিবাদ জানানো নেতারা হলেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন এবং সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মো. সালাউদ্দিন।

 

নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন পর কমিটি পেয়েছে নগর স্বেচ্ছাসেবক লীগ। ২০ জনের আংশিক কমিটি দেয় কেন্দ্র। নিয়ম-কানুন, গঠনতন্ত্র এসব মিলেই তো একটি সংগঠন চলে। এর একটিও যদি ব্যত্যয় ঘটে বিশৃঙ্খলা তৈরি হয়। নতুন যে ৭টি থানা ও ১২টি ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে। সেগুলো সভাপতি ও সাধারণ সম্পাদকের মনগড়া হয়েছে। এখানে আমাদের কারো কোন মতামত নেওয়া হয়নি। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

 

তবে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বাংলানিউজকে বলেন, দীর্ঘ ২০ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়েছে। কমিটি গঠনের পরপরই আমরা সম্মেলন করেছি। আমরাই একমাত্র সংগঠন যারা চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সবাইকে সঙ্গে নিয়ে নগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে সম্মেলন করেছি। জাতীয় নির্বাচনের কারণে কমিটি করতে দেরি হয়েছে। সকল নিয়েই কমিটি গঠন করা হয়েছে। ১১শ নেতা-কর্মীদের পদপদবী দেওয়া হয়েছে। এতদিন যারা আমাদের সঙ্গে ছিল, কষ্ট করেছে তাদের সাংগঠনিক পরিচয় দিতেই আমরা কমিটি দিয়েছি। বাকি ওয়ার্ড ও থানাগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, যারা এখন বিবৃতি দিচ্ছে তারা সব কিছুতেই বিভাজন খুঁজে। আমরা নগরের ১৫ থানা ও ৪৪ টি ওয়ার্ডে সম্মেলন করেছি। এখন যে বিবৃতি দিয়েছে সে মাত্র দুটি সম্মেলনে উপস্থিত ছিল। এখন যখন কমিটি ঘোষণা হয়েছে দ্বারে দ্বারে দৌঁড়াচ্ছে।

বুধবার মধ্যরাতে নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ তাদের ফেসবুক একাউন্টে কমিটির তালিকাগুলো প্রকাশ করেন। তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এসব কমিটির তালিকা। ঝড় উঠে অভিনন্দন ও শুভেচ্ছার।

৭টি থানা হলো- চান্দগাঁও, চকবাজার, পতেঙ্গা, সদরঘাট, বন্দর, পাহাড়তলী ও আকবরশাহ থানা কমিটি এই দফায় ঘোষণা করে তারা।

 

এছাড়াও নতুন ১২টি ওর্য়াড কমিটি হল- ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড, ১৬ নং চকবাজার, ৪০ নং উত্তর পতেঙ্গা, ৪১ নং দক্ষিন পতেঙ্গা, ২৯ নং পশ্চিম মাদারবাড়ি, ৩০ নং পূর্ব মাদারবাড়ি, ৩৬ নং গোসাইলডাঙ্গা, ৩৮ নং দক্ষিন মধ্যম হালিশহর , ১১ নং দক্ষিন কাট্টলী, ১২ নং সরাইপাড়া, ৯ নং উত্তর পাহাড়তলী ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড।

 

এর আগে ৩৬ নং মুনির নগর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ৭টি থানা ও ১৩টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছে নগর স্বেচ্ছাসেবকলীগ।

  • সর্বশেষ
  • পঠিত