সেরা প্রতিভার সন্ধানে প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬–২৭’-এর অডিশন পর্ব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর অডিশনের মধ্য দিয়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দক্ষিণ খুলশীর জাকির হোসেন সোসাইটির মাইজভাণ্ডারী খানকা শরীফে আয়োজিত অডিশনে চট্টগ্রামের বিভিন্ন মাদরাসা ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেন হাফেজ ও ক্বারীরা। দিনব্যাপী যাচাই-বাছাই শেষে ৩০ জন প্রতিযোগী পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হন। তাদের হাতে ক্রেস্ট, সনদ ও ‘ইয়েস কার্ড’ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, অডিশনে প্রতিযোগিতাটি ৫ পারা, ১০ পারা এবং ‘হুসনে সাউত’—এই তিন বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের হিফজের দক্ষতা, তিলাওয়াতের শুদ্ধতা ও কণ্ঠের সৌন্দর্যসহ নির্ধারিত মানদণ্ডে মূল্যায়ন করা হয়।
গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের আয়োজনে এ অডিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান।
অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী বুরহান উদ্দীন, হাফেজ ক্বারী বরকতুল্লাহ হোসাইনী ও হাফেজ ক্বারী উবাইদুল্লাহ সাইফ। প্রতিযোগীদের তিলাওয়াত ও হিফজের মান যাচাই করে তারা পরবর্তী ধাপের জন্য যোগ্য প্রতিযোগীদের নির্বাচন করেন।
এ সময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সহ-সভাপতি শফিউর রহমান সাইফু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, খুলশী থানা কার্যকরী সংসদের সভাপতি মির্জা মো. এমরান, মোহাম্মদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, পবিত্র কুরআনের হিফজ ও শুদ্ধ তিলাওয়াতের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি দেশের মেধাবী হাফেজ ও ক্বারীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। কো-অর্ডিনেটর আব্দুল করিমের সঞ্চালনায় অডিশনের কার্যক্রম সম্পন্ন হয়।
ইতি/
