, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

বিতর্কিত দুই বিল সামনে রেখে কাল বসছে সংসদ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট)। জাতীয় সংসদের অফিসিয়াল কার্যসূচি অনুযায়ী, বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক শুরু হবে। প্রায় দেড় মাস বিরতির পর শুরু হতে যাওয়া এ অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কার্যক্রমও রয়েছে।

অধিবেশনের প্রথম দিনেই জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ উত্থাপনের কথা রয়েছে। পাশাপাশি ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ও সংসদে তোলা হবে। কার্যসূচি অনুযায়ী, তিনটি বিলই সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

এর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত আইন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ফলে বিল দুটি সংসদে উত্থাপনের পর এর বিভিন্ন ধারা নিয়ে সংসদ সদস্যদের মধ্যে মতপার্থক্য ও বিতর্কের সম্ভাবনা রয়েছে।

গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের লক্ষ্য হিসেবে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকারের ব্যবস্থা করার কথা উল্লেখ রয়েছে। বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর মাধ্যমে ২০০৯ সালের আইনটি রহিত করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিলটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর কথা রয়েছে।

বিল দুটির বিভিন্ন বিষয় নিয়ে মানবাধিকারকর্মী ও রাজনৈতিক মহলে এরই মধ্যে মতামত এসেছে। বিশেষ করে গুমের অভিযোগের তদন্ত, মানবাধিকার কমিশনের ভূমিকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে বিতর্ক রয়েছে। ফলে সংসদীয় কমিটিতে বিলগুলো যাচাই-বাছাইয়ের সময়ও বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

এদিকে প্রথম দিনের কার্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনস্বার্থের বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাবও রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণের একটি প্রস্তাবও রয়েছে।

তৃতীয় অধিবেশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি গঠন। জাতীয় সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, নতুন সংসদের প্রথম তিনটি অধিবেশনের মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান রয়েছে। তাই এবারের অধিবেশনে বাকি কমিটিগুলো গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

জাতীয় সংসদের তথ্য অনুযায়ী, এর আগে দ্বিতীয় অধিবেশন ১৫ জুলাই শেষ হয়। এরপর প্রায় দেড় মাসের বিরতি দিয়ে শুরু হচ্ছে তৃতীয় অধিবেশন। অধিবেশনটি কতদিন চলবে, তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত