চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৯ জনে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত ৩২ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মোট ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ১ হাজার ৫৭১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে এ বছর জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৯ জন।
এদিকে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জনে পৌঁছেছে।
ইতি/
