চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের প্যাকেটে তারিখ পরিবর্তন করে পুনরায় বাজারজাতের প্রস্তুতির অভিযোগে একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) আগ্রাবাদ এলাকায় চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ‘ডোনা ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যে প্রয়োজনীয় অনুমোদন না থাকলেও প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য মোড়কজাত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। সংরক্ষণস্থলে পোকামাকড়ের উপস্থিতিও ছিল।
সবচেয়ে গুরুতর অনিয়ম হিসেবে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ বসানোর প্রমাণ পাওয়া যায়। পরে এসব পণ্য পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।
এ ছাড়া ‘ফুল ক্রিম মিল্ক পাউডার’ হিসেবে বাজারজাতের ক্ষেত্রে নির্ধারিত ফর্মুলা অনুসরণ না করার অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। উদ্ধার করা পণ্যের নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর তথ্যও পাওয়া গেছে।
একই অভিযানে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং ‘বার্গার বাইট’ নামের একটি ফাস্টফুড প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানিয়েছেন, ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইতি/
