, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 95%

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মায়না আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে

বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মৃত মায়না আক্তার নগরীর বন্দর এলাকার বাসিন্দা। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর গত ৬ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মায়না আক্তার ডেঙ্গু শক সিন্ড্রোমে (ডিএসএস) আক্রান্ত ছিলেন। পাশাপাশি তার সেপসিস ও তীব্র কিডনি জটিলতাও ছিল। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে—২৭ জন। এছাড়া বিআইটিআইডি হাসপাতালে ৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৬২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ২৩০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৯১ জন চিকিৎসা নিয়েছেন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট সাতজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ৪৩২ জন।

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত