, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 72%

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সনদ-ট্রান্সক্রিপ্টের আবেদন এখন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য একাডেমিক নথি সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ করতে চালু হয়েছে অনলাইনভিত্তিক আবেদন ব্যবস্থা। নতুন এ উদ্যোগের ফলে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরাও অনলাইনে আবেদন, ফি পরিশোধ এবং আবেদনের অগ্রগতি জানতে পারবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে ‘সিইউ সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস পোর্টাল’ উদ্বোধনের মাধ্যমে কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা হয়। পোর্টালটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন ব্যবস্থায় মোট ছয়টি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। দেশে থাকা শিক্ষার্থীরা বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য অগ্রণী ব্যাংকের সুইফট কোড ব্যবহার করে বিদেশ থেকেই ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নতুন পোর্টালের মাধ্যমে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের নথি ভেরিফিকেশনের জন্য আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার পর সেটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তাও অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি সনদ প্রস্তুত হয়েছে কি না, সে তথ্যও পোর্টাল থেকে জানা যাবে।

তবে ডিজিটাল ব্যবস্থায় আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা গেলেও বর্তমানে সনদ সংগ্রহের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। সনদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের ঠিকানায় পাঠানোর ব্যবস্থা এখনো চালু হয়নি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান জানান, শুধু সার্টিফিকেট নয়, বিভিন্ন ধরনের একাডেমিক ডকুমেন্টের জন্যও এ পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। তবে সনদ গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীকে ক্যাম্পাসে আসতে হবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরাও নতুন ব্যবস্থার সুবিধা নিতে পারবেন। ছয়টি ধাপে আবেদন সম্পন্ন হওয়ায় আগের তুলনায় সনদ ও অন্যান্য নথি পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়কে আরও ডিজিটাল ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর এ প্ল্যাটফর্ম চালুর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি শিক্ষার্থীদের সেবা গ্রহণও সহজ হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন কার্যক্রম আধুনিকায়ন ও অটোমেশনের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দীন ফারুকীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত