, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 72%

পটেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৮২ টিইইউএস হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক অর্জনের দাবি করেছে টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এক ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনারের সমপরিমাণ ৮২ টিইইউএস (টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) হ্যান্ডলিং করা হয়েছে।

১০ সেপ্টেম্বর পিসিটিতে সিএমএ সিজিএমের গিয়ারলেস কনটেইনার জাহাজ ‘এমভি ওয়ানেন’-এ কনটেইনার ওঠানো-নামানোর সময় নতুন সংযোজিত শিপ-টু-শোর (এসটিএস) গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে এ উৎপাদনশীলতা অর্জন করা হয় বলে জানিয়েছে আরএসজিটি বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির দাবি, এই পারফরম্যান্স চট্টগ্রাম বন্দরে প্রচলিত গড় হ্যান্ডলিং সক্ষমতার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর আগে বন্দরে কনটেইনার জাহাজে ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি কনটেইনার বা ৪৮ টিইইউএস পর্যন্ত হ্যান্ডলিং করা হতো।

আরএসজিটি বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, আধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিচালন পদ্ধতি এবং আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতার সমন্বয়ে এ সক্ষমতা অর্জন সম্ভব হয়েছে। উচ্চতর হ্যান্ডলিং গতি বজায় রাখা গেলে জাহাজের বন্দরে অবস্থানের সময় কমানোর পাশাপাশি বার্থের ব্যবহার বাড়ানো এবং অপারেশনাল ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।

আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এরউইন হাজে বলেন, ঘণ্টায় ৫৮ মুভ বা ৮২ টিইইউএস হ্যান্ডলিংয়ের এই অর্জন বাংলাদেশের বন্দর খাতে আধুনিক পরিচালন ব্যবস্থার সম্ভাবনাকে তুলে ধরছে।

তিনি বলেন, প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সুশৃঙ্খল অপারেশন এবং দক্ষ জনবলের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে পরিচালন সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব আরএসজিটির হাতে যাওয়ার পর থেকেই আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে টার্মিনালটির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টার্মিনালটির বার্ষিক সক্ষমতা প্রায় ৫ লাখ টিইইউএস হিসেবে নির্ধারিত।

নতুন এই হ্যান্ডলিং রেকর্ড পিসিটিকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক টার্মিনাল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আরএসজিটি বাংলাদেশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত