, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 73%

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ৫৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মৃত শিশুটির নাম আবরার। সে নগরের হালিশহর এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয় সে। চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে’ শিশুটির মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৪ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন আরও ছয়জন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে চমেক হাসপাতালে ২৬ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন এবং চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুইজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৮০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৪১৬ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চমেক হাসপাতালে ১০৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩৫ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জন, বিআইটিআইডিতে ২৯ জন, জেনারেল হাসপাতালে ১৭ জন এবং সিএমএইচ চট্টগ্রামে ১১ জন ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৬৯ জন। চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে চমেক হাসপাতালে দুজন, জেনারেল হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাতজনের মৃত্যু হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত