চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গাছবাড়ীয়া এলাকায় ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাশেম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়া এলাকার বানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ব্রিজের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে হাশেমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
