চট্টগ্রাম নগরের ফলমন্ডি ও কর্ণফুলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, বাসি খাবার সংরক্ষণ, খাদ্যদ্রব্যে তেলাপোকার উপস্থিতি, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে ফলমন্ডির নাসির উদ্দিন হোটেলকে ২৫ হাজার টাকা, আল বোরাক টি স্টল অ্যান্ড ঝাল বিতানকে ২০ হাজার টাকা এবং জিলানী ভাত ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের পাশাপাশি রান্না করা বাসি খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে অস্বাস্থ্যকর ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। কয়েকটি খাদ্যপণ্যে তেলাপোকার উপস্থিতিও দেখা যায়।
অন্যদিকে, কর্ণফুলী এলাকায় পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রির অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে মুনিরিয়া ফার্মেসি ও চট্টগ্রাম কমিউনিটি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় নমেয়া স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোক্তার নিরাপদ খাদ্য ও ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা আক্তার, মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
