চট্টগ্রাম নগরের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগ হত্যা মামলায় মো. ইমন হোসেন (২৮) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় খেলাধুলার সময় শিশু সোহাগকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান ইমন। সেখানে শিশুটিকে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করলে সে বাধা দেয় এবং পালানোর চেষ্টা করে। এ সময় ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
ইতি/
