ফটিকছড়িতে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বাবুনগর মাদরাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে সম্মেলনের দুই দিনই উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।
আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের পর মাদরাসা প্রাঙ্গণে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশিষ্ট আলেম, ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে দেশের খ্যাতিমান আলেমরা ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও বয়ান করছেন। তাঁদের মধ্যে রয়েছেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মাওলানা জুনায়েদ আল হাবিবসহ আরও অনেকে।
আয়োজকদের মতে, ইসলামী শিক্ষা, আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং মুসলিম উম্মাহর মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সম্মেলন ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। দুই দিনব্যাপী আয়োজন শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
ইতি/
