লন্ডন, যুক্তরাজ্য: প্রবাসে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার এবং প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে যুক্তরাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’। গত ১ নভেম্বর রোববার রমফোর্ডের মেফেয়ার হলে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে চট্টগ্রামের চারজন সংসদ সদস্যসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীও এতে যোগ দেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মূল অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন বড়ুয়া, মোহাম্মদ আলী রেজা ও মোহাম্মদ মাসুদুর রহমান। বিভিন্ন পর্বে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রীনা দাস, নূরুন্নবী আলী ও শাহানা মালেক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোরশেদুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে আরও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন আইওয়ান টিভির প্রধান নির্বাহী আতাউল্লাহ ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদের, ব্যারিস্টার মনোয়ার হোসেন, অধ্যাপক নাজিম উদ্দিন, কাউন্সিলর ফিরোজ গনি, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র নাছিম আলী ওবিই, মিসেস লিনা চৌধুরী, ড. শাহীদ চৌধুরী, জাগির আলম চৌধুরী, আরশাদ মালেক, অনুপম শাহ, হেলেন ইসলাম ও রায়হান উদ্দিন চৌধুরী টিটুসহ অনেকে।
গুণীজনদের সম্মাননা
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শিল্পোদ্যোক্তা আলহাজ্ব সুফি মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক নূরুল নবী, শিল্পোদ্যোক্তা মির্জা সালমান ইস্পাহানি, দবিরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব আতিক চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব কাজী আবুল হোসেন বাবুল, সংগীতশিল্পী রবি চৌধুরী, যুক্তরাজ্যের শিল্পোদ্যোক্তা মোহাম্মদ আলমগীর এবং কমিউনিটি ব্যক্তিত্ব ওয়াজিদ হাসান সেলিম বিইএম।
এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত প্রবীণ চট্টগ্রামবাসীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলমগীর, কামরুন নাহার বেগম, কফিল উদ্দিন, জাগির আলম চৌধুরী, গুলনাহার খান, উদয় শঙ্কর দাস, ইউসুফ মিয়া, সংযুক্তা বড়ুয়া ও লিলি বড়ুয়া। কমিউনিটির প্রতি তাঁদের দীর্ঘদিনের অবদান ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
ঐতিহ্য ও সংস্কৃতির বর্ণিল আয়োজন
উৎসবের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও চট্টগ্রামের কৃতী সন্তান রবি চৌধুরী। তাঁর পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দিনব্যাপী আয়োজনে চট্টগ্রামের স্থানীয় শিল্পীদের গান, কবিতা আবৃত্তি, নৃত্য, মুখাভিনয়, ব্যান্ড সংগীত ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা। চট্টগ্রামের মেয়ে এমির পরিচালনায় ফ্যাশন শোটি দর্শকদের বিশেষ আকর্ষণ করে।
প্রবাসী চট্টগ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ
আয়োজকদের পক্ষে মোহাম্মদ আলী রেজা, মো. মাসুদুর রহমান ও সুজন বড়ুয়া জানান, চট্টগ্রাম উৎসব কোনো একক প্রতিষ্ঠানের আয়োজন নয়; এটি প্রবাসী চট্টগ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ। চট্টগ্রামভিত্তিক ১৬টি সামাজিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে বিভিন্ন সংগঠন সহযোগী হিসেবে ভূমিকা রাখে।
তাঁরা বলেন, চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রবাসী ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকেরা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও উন্মুক্ত স্থানে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী আয়োজনগুলোতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, বলীখেলা, আঞ্চলিক খাবার, লোকজ সংস্কৃতি ও সংগীতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উৎসব সফল করতে সহযোগিতাকারী অতিথি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক কমিটি।
ইতি/
