, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, সংস্থাটির নিজস্ব বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে কূপটির দুটি পৃথক স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

বাপেক্সের তথ্য অনুযায়ী, কূপটির দুটি স্তরে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। এ গ্যাস আগামী ২০ বছর ধরে উত্তোলনের পরিকল্পনা রয়েছে। তবে বাণিজ্যিকভাবে উত্তোলন ও জাতীয় গ্রিডে সরবরাহের আগে প্রয়োজনীয় পরীক্ষা এবং পর্যবেক্ষণ সম্পন্ন করতে হবে।

কূপটিতে গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা যাচাই করতে আরও ১৫ দিন পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত