জাপানের জনপ্রিয় সব ব্র্যান্ডের রিকন্ডিশন্ড গাড়ি একই ছাদের নিচে দেখার সুযোগ তৈরি হয়েছে রাজধানী ঢাকায়। টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি থেকে শুরু করে বিলাসবহুল আলফার্ড—বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘বারভিডা কার এক্সপো’।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আজ শনিবার (৭ নভেম্বর) শেষ দিন। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজন করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। প্রদর্শনীতে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নান্দনিক নকশার একাধিক মডেলের গাড়ি স্থান পেয়েছে।
এবারের প্রদর্শনীর বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ২০২১, টয়োটা আলফার্ড ২০২৫, করোলা ডব্লিউএক্সবি ২০২১, করোলা ক্রস ২০২১ এবং টয়োটা ভক্সি ২০২৪ মডেল। পাশাপাশি রয়েছে বিভিন্ন শ্রেণি ও বাজেটের আরও নানা মডেলের রিকন্ডিশন্ড গাড়ি।
প্রদর্শনীর অন্যতম সুবিধা হলো, একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি সরাসরি দেখার পাশাপাশি সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা, নকশা ও দাম তুলনা করতে পারছেন সম্ভাব্য ক্রেতারা। এতে নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী গাড়ি নির্বাচনের সুযোগ পাচ্ছেন তাঁরা।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, মো. হাবিব উল্লাহ ডন এবং সাবেক মহাসচিব মাহাবুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান।
এদিকে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানির নীতিমালা প্রণয়নে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিহারের আহ্বান জানিয়েছেন বারভিডার সাবেক ও বর্তমান নেতারা। তাঁদের মতে, ৬৬০ সিসির জাপানি ‘কে-কার’ আমদানিতে নীতিগত সুবিধা দেওয়া হলে ছোট আকারের এসব গাড়ি নগর পরিবহনে বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি যানজট ও ব্যাটারিচালিত রিকশার ওপর নির্ভরতা কমানোর সম্ভাবনাও তৈরি হতে পারে।
সব মিলিয়ে জাপানি গাড়ির বিভিন্ন মডেল সরাসরি দেখা, বৈশিষ্ট্য যাচাই এবং সম্ভাব্য কেনাকাটার সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের বারভিডা কার এক্সপো।
আজই শেষ হচ্ছে এই আয়োজন। তাই জাপানি রিকন্ডিশন্ড গাড়ির প্রতি আগ্রহী ক্রেতা ও গাড়িপ্রেমীদের জন্য আইসিসিবিতে প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ থাকছে ৭ নভেম্বর রাত ৮টা পর্যন্ত।
ইতি/
