কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী ও মাদক কারবারিদের আস্তানা নির্মূলে পাহাড়ি এলাকায় যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত অভিযানে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার পর শনিবার সকাল ৭টা থেকে লেদা ও রঙ্গিখালী পাহাড়ে নতুন করে অভিযান শুরু হয়।
অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। পাহাড়ি এলাকায় সম্ভাব্য সন্ত্রাসী আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর আগে একই এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। ওই ঘটনায় ৫৭ জনকে উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয় বলে জানা গেছে।
বর্তমানে পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার কারণে গণমাধ্যমকর্মীদের অভিযানস্থলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং এলাকার বিভিন্ন পাহাড়ে মানব পাচারকারী চক্রের একাধিক আস্তানা রয়েছে। এসব স্থানে মানুষকে আটকে রেখে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, পাহাড়ে আশ্রয় নেওয়া মানব পাচারকারী ও মাদক কারবারিদের আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান অভিযানের মাধ্যমে টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা মানব পাচার ও মাদক কারবারিদের নেটওয়ার্ক সম্পূর্ণনির্মূল হবে।
ইতি/
