, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

বাগীশিকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, সমান অধিকার ও পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করে চট্টগ্রামকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, এমন একটি ‘রংধনু শহর’ গড়ে তুলতে চান, যেখানে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষ শান্তি, সম্প্রীতি ও সমান অধিকার নিয়ে বসবাস করবেন। নগরীকে ‘গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি’ হিসেবে গড়ে তোলাও তাঁর অন্যতম লক্ষ্য।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জিইসি মোড়ের জিইসি কনভেনশন হলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শহর তখনই প্রকৃত অর্থে সুন্দর ও বাসযোগ্য হয়ে ওঠে, যখন সব ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেন, স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন এবং সমান নাগরিক অধিকার ভোগ করেন। ধর্ম, বর্ণ কিংবা মতের ভিন্নতা যেন নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা না হয়, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার বৈষম্যহীন সমাজ গঠনের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সম্প্রীতিপূর্ণ নগরী গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, বৈচিত্র্যের মধ্যেই সম্প্রীতি নিহিত, আর এই সম্প্রীতিই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বজায় রাখতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সঠিক মানসিক বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। বর্ণবৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. অঞ্জন কুমার দাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে আশীর্বাদ প্রদান করেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক হারাধন নাগ।

এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. হরিশংকর জলদাস এবং চিকিৎসক অধ্যাপক ডা. বিনয় পাল।

অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিকের প্রতিষ্ঠাতা সভাপতি কর্মবীর দিলীপ কুমার ভট্টাচার্য্য। এ ছাড়া গীতা ভাণ্ডারের দ্বারোদ্ঘাটন, পাঠ্যক্রম ও স্মরণিকা ‘জ্যোতি’র মোড়ক উন্মোচন করা হয়।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশীষ শর্মা। শুভেচ্ছা বক্তব্য দেন অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট প্রণব কুমার মজুমদার এবং স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব অরুণ কান্তি মল্লিক।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের বাগীশিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে বাউল শিল্পী রথীন মিত্র ও কণ্ঠশিল্পী রীমা দাশ সংগীত পরিবেশন করেন। এ ছাড়া গীতি নৃত্যনাট্য, সংগীত ও নৃত্য পরিবেশনার আয়োজন ছিল।

বক্তারা বলেন, বাগীশিকের অভিষেক অনুষ্ঠান কেবল নতুন কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; বরং এটি সংগঠনের সাংগঠনিক অগ্রযাত্রা, ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং সমাজের সর্বস্তরে গীতার শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

তাঁরা জানান, সংগঠনটির কার্যক্রম বর্তমানে দেশের প্রায় ৫৪টি জেলায় বিস্তৃত। প্রায় ৮ হাজার গীতা স্কুলে চার লাখ শিক্ষার্থী ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করছে। শিক্ষা বৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত