চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার দুই দিন পর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার চালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। তিনি নোয়াখালী সদর উপজেলার বাটির টেক এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে পাঁচলাইশ এলাকা থেকে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।
এদিকে, মাইশার মৃত্যুর প্রতিবাদে এবং জড়িত চালকের গ্রেপ্তারসহ আট দফা দাবিতে ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা সড়ক পরিবহণ আইনের মামলায় রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সকালে সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় লরিচাপায় নিহত হন ইংরেজি বিভাগের ২১ বছর বয়সী শিক্ষার্থী মাইশা মুশফিরাত। একই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার বিষয়ে জানা যায়, ৩ নভেম্বর সকালে সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেছন থেকে লরির ধাক্কা লাগে। এতে মিনিবাসটি উল্টে গেলে চাপা পড়ে প্রাণ হারান মাইশা। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চালককে গ্রেপ্তার করা হলেও লরির মালিককে গ্রেপ্তারের বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
ইতি/
