, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 72%

নভেম্বর পর্যন্ত কাতারএনার্জির এলএনজি সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার কারণে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতারএনার্জি। ইতালির জ্বালানি কোম্পানি এডিসনের ক্ষেত্রেও ডিসেম্বরের শুরু পর্যন্ত সরবরাহে বিঘ্ন থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে এপ্রিল থেকে কাতারএনার্জির এলএনজি সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটি ‘ফোর্স মেজর’ ঘোষণা করে কয়েক দফায় সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।

সরবরাহ সংকটের প্রভাব কাতারের রপ্তানিতেও স্পষ্ট। রয়টার্সের হিসাবে, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি আগের তুলনায় প্রায় ৯৬ শতাংশ কমে যায়। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করতে পেরেছে, যেখানে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫০৯টি।

এদিকে সামনে শীত মৌসুম। ইউরোপে শীতকালে গ্যাসের চাহিদা সাধারণত বেড়ে যায়। একই সময়ে ইউরোপীয় দেশগুলো গ্যাসের মজুত বাড়ানোর চেষ্টা করছে। ফলে ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের মধ্যে এলএনজি কার্গো নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গ্যাস বাজারে সরবরাহের চাপ অব্যাহত থাকলে দামও বাড়তি থাকতে পারে বলে বাজারসংশ্লিষ্টদের ধারণা।

ইতালির এডিসন জানিয়েছে, কাতারএনার্জি আরও ছয়টি এলএনজি কার্গো সরবরাহ করবে না। এর ফলে প্রতিষ্ঠানটির বাতিল হওয়া কার্গোর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৫টিতে। ইতোমধ্যে এসব ঘাটতি পূরণে কিছু কার্গো অন্য উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গ্যাসের চাহিদা পূরণে আমদানি করা এলএনজির ভূমিকা রয়েছে। ফলে কাতার থেকে সরবরাহ দীর্ঘায়িতভাবে ব্যাহত হলে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের প্রয়োজন হতে পারে। স্পট মার্কেটে বাড়তি চাহিদা তৈরি হলে আমদানি ব্যয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ইতোমধ্যে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। সেপ্টেম্বরে সরকার ফ্রান্সের টোটালএনার্জিস থেকে আগামী কয়েক মাসে ১৮টি এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত জানিয়েছে।

তবে হরমুজ প্রণালির পরিস্থিতি ও বৈশ্বিক এলএনজি বাজারের ওপর নির্ভর করেই সামনে সরবরাহ ও দামের পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে, তা নির্ধারিত হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত