দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকার আভাস পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বৃষ্টির প্রবণতা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অব্যাহত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার এসব বিভাগের পাশাপাশি ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার দেশের দিনের তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ইতি /
ইতি /
