, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 84%

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৯৭

নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৯৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৬৭ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে প্রকাশিত অভিযানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় অভিযান পরিচালনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১১৬ জন এবং সাজা পরোয়ানায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৫০ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১৮ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১১ হাজার ৬৫২ পিস ইয়াবা, ৩৯ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা, ১২৪ লিটার চোলাই মদ, আট বোতল বিদেশি মদ, ১৬ ক্যান বিয়ার, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যের মধ্যে কুমিল্লা ও নোয়াখালীতে তিনজন করে, ফেনীতে দুজন এবং চট্টগ্রাম, চাঁদপুর ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৬৭ জনের মধ্যে ৩৮৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের হেফাজতে দেওয়া হয়েছে। বাকি ১৮১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৯৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১১০ জন, লক্ষ্মীপুরে ৬৮ জন, চাঁদপুরে ৪৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ জন, নোয়াখালীতে ৩৯ জন, রাঙামাটিতে ২০ জন, কক্সবাজারে ১৫ জন, ফেনীতে ১২ জন, বান্দরবানে ১০ জন এবং খাগড়াছড়িতে নয়জনকে আটক করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত