, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের মাসের মধ্যে ফের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি বছর যাতে তাদের নষ্ট না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পরীক্ষার চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।,

শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাদের এক মাসের মধ্যে পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। এক মাসের বেশি সময় দেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছরের ৫৮ দশমিক ৮৩ শতাংশের তুলনায় কম।

পাসের হার কমে যাওয়াকে উদ্বেগজনক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শেখার ঘাটতি, অভিভাবকদের ভূমিকা, শিক্ষকদের পাঠদান এবং শিক্ষার পরিবেশসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করা হবে।

বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। এ বিষয়ে ফেল করেছে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। অন্যদিকে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৮৪৯ জন। ইংরেজি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদন পাওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণ করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, গত বছর প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছিল। যাচাই শেষে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়। তাঁদের মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয় এবং ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করে।

খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রশিক্ষণ এবং মূল্যায়নে গুরুতর ভুলের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। কোথাও কোথাও এমসিকিউ প্রশ্নপত্র পরিবর্তন ও সংঘবদ্ধভাবে ফলাফল পরিবর্তনের অপচেষ্টার ঘটনাও সামনে এসেছে বলে জানান মন্ত্রী। এসব ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শূন্য পাসের প্রতিষ্ঠান পর্যালোচনা

শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। এসব প্রতিষ্ঠান পর্যালোচনা করে প্রয়োজনে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এ প্রক্রিয়ায় কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। বিপরীতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ফলে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে বলে জানান তিনি। তবে ভর্তির যোগ্যতা ও শর্ত নির্ধারণ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এখতিয়ার।

শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা, বাড়িতে পড়াশোনার অভ্যাস গড়ে তোলা এবং মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ তৈরি হবে। এখন অপেক্ষা পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত নির্দেশনার।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত