, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

কাউখালীকে সবুজ ও পর্যটনবান্ধব করতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

সবুজ, পরিবেশবান্ধব ও পর্যটনসমৃদ্ধ কাউখালী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স’ এ কর্মসূচির আয়োজন করে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ২ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পাইচিং মং মারমা বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স দীর্ঘদিন ধরে কাজ করছে। কাউখালীর মতো পার্বত্য এলাকায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় আরও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঊষা রানী বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ এমরান।

এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রহমত উল্লাহ, মো. শফিকুর রহমান, জয়শ্রী পাল, রত্না রানী দাশ, সহকারী শিক্ষক বিজয় চাকমা ও মাইকেল মধুসূদন দেবনাথসহ সংগঠনের সদস্য আয়েশা সিদ্দিকা ও মো. মহিন উদ্দিন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা তুলে দেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত