চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জন—উভয় ক্ষেত্রেই অবনতি হয়েছে। গত ১৫ বছরের মধ্যে এবার বোর্ডটিতে সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৫ সালে যেখানে ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ অর্জন করেছিল, সেখানে ২০২৬ সালে এ সংখ্যা নেমে এসেছে ২ হাজার ৯২৯ জনে। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।
এবার বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ৮৯ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলেও উল্লেখযোগ্য ব্যবধান লক্ষ করা গেছে। সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও রয়েছে মিশ্র চিত্র। এবার তিনটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। বিপরীতে ছয়টি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে।
সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শুধু জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা নয়, পাসের হারেও ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা রয়েছে। ফলে শিক্ষার্থীদের ফলাফলের এই অবনতি এবং বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান ব্যবধান নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
ইতি/
