, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি রোববার (১ নভেম্বর) চট্টগ্রামে আসে।

রোববার দুপুর আড়াইটার দিকে জাহাজটি বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে নোঙর করে। ৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে যৌথ মহড়াটি শুরু হওয়ার কথা রয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত চলা এ প্রশিক্ষণে দুই দেশের নৌসদস্যরা সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা, যৌথ অভিযান পরিচালনা এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবেন।

মহড়ার অংশ হিসেবে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা বজায় রাখা এবং সমন্বিতভাবে অভিযান পরিচালনার দক্ষতা বৃদ্ধির বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের যৌথ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও পেশাগত সহযোগিতা বাড়াতে সহায়ক। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

মহড়া শেষে আগামী ৫ নভেম্বর মার্কিন যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত