চট্টগ্রামের লোহাগাড়ায় মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত দিদারুল আলম রাজঘাটা এলাকার কবির আহমদের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মং এছেন জানান, ছেলের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে দিদারের মা নাছিমা আকতার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশনায় দিদারকে তাঁর কার্যালয়ে ডেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দিদার দীর্ঘ সাত মাস ধরে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে জানান তিনি।
মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিদারকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নাছিমা আকতার জানান, তাঁর ছেলে ইয়াবা সেবনের পর কিছুদিন ধরে তাঁকে মারধর করে আসছিল। সর্বশেষ গতকালও মারধরের শিকার হয়ে তিনি বাড়িতে থাকতে পারেননি। পরে বিষয়টি চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদিন ও স্থানীয় গ্রাম পুলিশকে জানান। তাঁদের পরামর্শে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
ইতি/
