আগামী চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাসের সরবরাহ কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে জনসাধারণকে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানায় পেট্রোবাংলা।
সংস্থাটি জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে আগামী চার দিন টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এর ফলে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ দৈনিক সরবরাহ কমতে পারে ৩২০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা বলেছে, সরবরাহ কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
সংস্থাটি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংবাদমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।
ইতি/
