, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৮৯

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৮৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নিয়ন্ত্রণে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (২ নভেম্বর) অভিযানসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১০১ জন, পূর্ববর্তী মামলার আসামি ৫১ জন, পরোয়ানাভুক্ত ১১৮ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২৬ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদক বহনের অভিযোগে দুজন এবং মাদক সেবনের অভিযোগে ৬৫ জন রয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেফতার হয়েছেন ১২৩ জন।

অভিযানে ১২ হাজার ৫৭৭ পিস ইয়াবা, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং ৬১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা। এ সময় ৪৬টি মাদক মামলা দায়ের করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চট্টগ্রামে তিনজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে দুজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ৪৪৯ জনকে। তাঁদের মধ্যে ৩০৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক গ্রেফতারের হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, চাঁদপুরে ৪৯, লক্ষ্মীপুরে ২৫, নোয়াখালীতে ১৮, ফেনীতে ১৭, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জন করে, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ছয় এবং বান্দরবানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত