, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

শাটডাউন শেষে চুয়েটে ফিরল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

এক দিনের একাডেমিক শাটডাউন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব বণ্টন নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ ও ক্লাস বর্জনের কর্মসূচি শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রেণিকক্ষে ফেরেন তারা।

সোমবার দিনব্যাপী এই শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির একটি সভায় যোগ দিতে ঢাকায় যান। তাঁর অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হলে এর প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দেন তারা।

শিক্ষার্থী প্রতিনিধি আজিম উদ্দিন জানান, মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন। তবে দায়িত্ব পালনে নিয়মের ব্যত্যয় ঘটলে আবারও কর্মসূচি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন তারা।

এদিকে, দীর্ঘদিনের আন্দোলন ও একাডেমিক কার্যক্রমে বিঘ্নের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মইনুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রায় ৪০টি পরীক্ষা স্থগিত হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় এসব পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করে দ্রুত একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পূর্ণাঙ্গ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে একাধিকবার বিঘ্ন ঘটে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত