প্রি-পেইড বিদ্যুৎ মিটারের সিস্টেম উন্নয়নকাজের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময়ে বিদ্যুৎ ব্যবহারে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড মিটার রিচার্জ কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তবে এ সতর্কতা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, কেবল সেসব মিটার ব্যবহারকারীরা সম্ভাব্য সমস্যার মুখে পড়তে পারেন।
ডেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ে রিচার্জ করা সম্ভব না-ও হতে পারে। তাই গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আগেই মিটারে টাকা জমা রাখার অনুরোধ করা হয়েছে। এতে সিস্টেম উন্নয়নকাজ চলাকালে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সহায়তা করবে।
রিচার্জসংক্রান্ত সমস্যা বা প্রয়োজনীয় তথ্যের জন্য গ্রাহকদের ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সিস্টেম উন্নয়নকাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
