চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের দীর্ঘদিনের গড় বিল ও অতিরিক্ত বিলের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। নগরের অচল, নষ্ট ও চুরি হওয়া সাড়ে ১০ হাজার পানির মিটার প্রতিস্থাপন করছে সংস্থাটি। এর ফলে গ্রাহকেরা মিটার রিডিং অনুযায়ী বিল পাবেন বলে আশা করছে ওয়াসা।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের অগ্রগতি দেখতে বুধবার সকালে নগরের হালিশহর বড়পোল এলাকায় পরিদর্শনে যান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
এ সময় তিনি গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং মিটারসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে খোঁজ নেন।
ওয়াসা সূত্রে জানা গেছে, অচল ও চুরি হওয়া মিটার পরিবর্তনের জন্য গত ১৭ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। পরে ১২ অক্টোবর থেকে শুরু হয় মিটার প্রতিস্থাপনের কাজ। পর্যায়ক্রমে সাড়ে ১০ হাজার মিটার পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
সংস্থাটির কর্মকর্তারা জানান, কোনো গ্রাহকের পানির মিটার নষ্ট, অচল বা চুরি হয়ে গেলে নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে গড় বিল নির্ধারণ করতে হয়। এতে প্রকৃত পানির ব্যবহার ও বিলের মধ্যে পার্থক্য তৈরি হয়। ফলে অতিরিক্ত বিল ও ভুতুড়ে বিলের অভিযোগ করেন গ্রাহকেরা।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, গ্রাহকদের ভোগান্তি কমানো এবং বিল নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিটার প্রতিস্থাপন সম্পন্ন হলে সঠিক রিডিংয়ের ভিত্তিতে বিল করা সম্ভব হবে। এতে একদিকে গ্রাহকদের অসন্তোষ কমবে, অন্যদিকে রাজস্ব আদায়েও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে সংস্থাটি।
মিটার প্রতিস্থাপন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, রাজস্ব কর্মকর্তা এরফানুল করিম সাজ্জাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রাহকসেবা সহজ করা এবং পানির বিল নিয়ে দীর্ঘদিনের অভিযোগ কমাতে এই কার্যক্রম দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা চট্টগ্রাম ওয়াসার।
ইতি/
