, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

দিল্লি-পিন্ডি নয়, বাংলাদেশের স্বার্থই সবার আগে: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় পরিকল্পনা ও জাতীয় কর্মকাণ্ডে অন্য কোনো দেশের স্বার্থ নয়, বরং বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দিল্লি, পিন্ডি কিংবা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্বের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দেশের ইতিহাস ও জাতীয় চেতনা প্রসঙ্গে মীর হেলাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি। দেশপ্রেম, সাহস ও দায়িত্বশীলতার মাধ্যমে যেকোনো জাতীয় সংকট মোকাবিলা করা সম্ভব।

অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তিনি কৃষি, প্রবাসী আয় ও তৈরি পোশাকশিল্পকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি, বিশেষায়িত শিল্প ও ক্রীড়াসহ নতুন সম্ভাবনাময় খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করে নারীদের জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত