চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে পর্যটক এক্সপ্রেসের একটি বগিতে চারটি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণ করা ফুটেজ পর্যালোচনায় ক্যামেরার কার্যকারিতা নিয়ে বেশ কিছু সীমাবদ্ধতা চিহ্নিত করেছেন রেলওয়ের প্রকৌশলীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর পর্যটক এক্সপ্রেসের একটি বগিতে ক্যামেরাগুলো স্থাপন করা হয়। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের কারণে ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না। এ ছাড়া মাঝামাঝি একটি বগিতে ক্যামেরা স্থাপন করায় ট্রেনের সামনের ও পেছনের অংশে পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে।
এই সীমাবদ্ধতা কাটাতে ট্রেনের সামনের ইঞ্জিনের কাছাকাছি এবং পেছনের গার্ড ব্রেকের দিকে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে পুরো ট্রেনকে নজরদারির আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি পাথর নিক্ষেপ প্রতিরোধে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত পর্যটক এক্সপ্রেস লক্ষ্য করে ২৪ বার এবং কক্সবাজার এক্সপ্রেস লক্ষ্য করে ১৯ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ইতি/
