চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বে টার্মিনালের বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। প্রকল্পের প্রথম টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দিতে সিঙ্গাপুরের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ (PSA)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী তিন থেকে চার মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি হতে পারে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রথম টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বে টার্মিনালের ত্রিমাত্রিক (থ্রিডি) সিমুলেশন বা ডিজিটাল মডেল তৈরির কাজ চলছে। এই কাজ শেষ হলে প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ব্রেকওয়াটার, নেভিগেশন চ্যানেল এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, নেভিগেশন চ্যানেল ও ব্রেকওয়াটার নির্মাণের দায়িত্ব থাকবে বন্দর কর্তৃপক্ষের হাতে। অন্যদিকে, বিদেশি অপারেটর নির্মাণ করবে টার্মিনাল, স্থাপন করবে পণ্য ওঠানো-নামানোর আধুনিক সরঞ্জাম এবং নির্ধারিত সময় পর্যন্ত পরিচালনার দায়িত্ব পালন করবে। এসব অবকাঠামো নির্মাণে বিশ্বব্যাংক ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পতেঙ্গা ও উত্তর হালিশহর উপকূলীয় এলাকায় প্রায় আড়াই হাজার একর জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে বে টার্মিনাল প্রকল্প। পরিকল্পনায় রয়েছে তিনটি টার্মিনাল। এর মধ্যে একটি মাল্টিপারপাস টার্মিনাল এবং দুটি কনটেইনার টার্মিনাল। প্রথম টার্মিনালের পাশাপাশি বাকি দুটি পরিচালনার দায়িত্ব পেতেও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ রয়েছে।
প্রকল্পের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা হলো বড় জাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি। বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজের প্রবেশ ও বহির্গমন জোয়ারের ওপর অনেকাংশে নির্ভরশীল। বে টার্মিনালের পরিকল্পিত গভীর নেভিগেশন চ্যানেল চালু হলে বড় আকারের জাহাজ চলাচল সহজ হবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়তে পারে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ১২ মিটার ড্রাফট ও প্রায় ২৮০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চলাচলের উপযোগী চ্যানেল তৈরির কথা রয়েছে। এতে বড় মাদার ভেসেল সরাসরি টার্মিনালে ভেড়ানোর সুযোগ তৈরি হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজের আকার ও ড্রাফটের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে প্রায় ৩৪ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়। বে টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে অতিরিক্ত ৩০ লাখ থেকে ৫০ লাখ টিইইউএস কনটেইনার পরিচালনার সক্ষমতা তৈরি হতে পারে বলে প্রকল্প পরিকল্পনায় উল্লেখ রয়েছে।
বন্দর ব্যবহারকারীদের প্রত্যাশা, আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অপারেটরের সমন্বয়ে বে টার্মিনাল দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি আনবে। পাশাপাশি পণ্য পরিবহনের ব্যয় কমানো, জাহাজের অপেক্ষার সময় হ্রাস এবং বৈদেশিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
