চট্টগ্রামের রাউজানে বিরোধ মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তাঁর সঙ্গীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যরাও হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রবাসী ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিন। বর্তমানে তাঁরা চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে সারোয়ার নামে এক ব্যক্তির নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল ওই এলাকায় যায়। পরে আপস-মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে এনে বাড়ির সামনে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুজনকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা ইলিয়াস আলীর স্ত্রী, ছেলের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে। একপর্যায়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে চলে যায় তারা।
পরিবারের দাবি, গত দুই মাস ধরে ইলিয়াস আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন সারোয়ার। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আপসের কথা বলে ডেকে নিয়ে দুজনকে মারধর ও ছুরিকাঘাত এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে চাঁদাবাজির উদ্দেশ্যে হামলার বিষয়টি ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।
ইতি/
