চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৪৮৯ জনকে। পাশাপাশি মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে প্রকাশিত অভিযানের তথ্য অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলা, পূর্বের মামলার আসামি এবং বিভিন্ন আইনি প্রক্রিয়ায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যে, নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ১৪৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৭৭ জন মাদকসেবী ও ৪৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩২টি মাদক মামলা দায়ের করা হয়। উদ্ধার করা হয়েছে ১৬ হাজার ২৮টি ইয়াবা, ৩২ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাই মদ, ৬ বোতল বিদেশি মদ, ১২টি ট্যাপেন্টাডল বড়ি ও ১৫ বোতল ফেনসিডিল।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড এবং ৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০৬ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুরে ৩৪, কুমিল্লায় ২৮, চট্টগ্রামে ২৭, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে চারজন করে, নোয়াখালী ও লক্ষ্মীপুরে তিনজন করে, কক্সবাজারে দুজন এবং রাঙামাটিতে একজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯ জনের মধ্যে ৩১৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কুমিল্লায় সর্বোচ্চ ২১২ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রামে ৭৯, লক্ষ্মীপুরে ৫৮, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮, নোয়াখালীতে ২৬, কক্সবাজারে ২২, চাঁদপুরে ২০, বান্দরবানে ১৫, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ১১ এবং ফেনীতে ছয়জন আটক হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
ইতি/
