চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আটটি অকেজো গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নিলামের তালিকায় রয়েছে চারটি মিতসুবিশি পাজেরো, তিনটি টয়োটা সেলুন ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার।
১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে জাপানে তৈরি এসব গাড়ি বর্তমান অবস্থায় বিক্রি করা হবে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র জমা দিতে হবে। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।
আগামী ১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন টেন্ডার সেল থেকে গাড়িগুলোর ক্যাটালগ ও দরপত্রের প্রয়োজনীয় দলিল সংগ্রহ করা যাবে। প্রতিটি গাড়ির জন্য এসব দলিলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, যা নির্ধারিত চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে।
দরপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির নির্ধারিত মূল্যের ১০ শতাংশ জামানত পে-অর্ডারের মাধ্যমে কমিশনার, কাস্টম হাউস, চট্টগ্রামের অনুকূলে জমা দিতে হবে।
আগ্রহী ক্রেতারা প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে গিয়ে গাড়িগুলো সরেজমিনে পরিদর্শন করতে পারবেন।
তবে নিলামে বিক্রির জন্য তালিকাভুক্ত গাড়িগুলো অকেজো ঘোষিত হওয়ায় পুনরায় নিবন্ধনের সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইতি/
