, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: গ্রেপ্তার অভিযুক্ত কিশোর

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া শহরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে দিনদুপুরে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজ বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়ে সে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার শরীরে অন্তত ছয়টি জখমের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়। এরপর পূর্ব মজমপুর এলাকায় তার বাসায় অভিযান চালায় পুলিশ। তবে সেখানে গিয়ে বাড়ির দরজায় তালা ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরাও বাসায় ছিলেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর ওই এলাকার বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে হামলা চালিয়েছে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ। তবে ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের অন্যান্য বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। মামলায় গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দিনদুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তির যথাযথ বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত