মুক্তিযোদ্ধাদের মতো আমরা করোনাযোদ্ধাদেরও ভুলে যাচ্ছি: চমেবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদকঃ

 

মুক্তিযোদ্ধাদের মতো আমরা করোনাযোদ্ধাদেরও ভুলে যাচ্ছি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা ইসমাইল খান।

 

২০ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত করোনাকালে প্রতিষ্ঠিত বেসরকারি উদ্যোগে নির্মিত প্রথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের চতুর্থ বর্ষপূর্তি ও তৃতীয় স্বেচ্ছাসেবী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, যারা এইদেশের জন্যে জীবন দিয়েছে সেসব বীর মুক্তিযোদ্ধাদের আমরা ভুলে গেছি, মনে রাখতে পারিনি। ঠিক এভাবেই একদিন আমরা করোনাযোদ্ধাদেরও ভুলে যাব। আমরা সুসময় অতিবাহিত করলে অতীত ভুলে যায় কিন্তু দূঃসময়ে যারা এগিয়ে আসে তারাই আসল বীর।

 

তিনি করোনাকালের স্মৃতি উল্লেখ করে আরও বলেন, ভয়াল ওই সময়ে ডা. বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠা আমাদেরকে আশাবাদী করেছে।

 

সেসময় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. সাহেদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ ইসমাইল খান, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডা. বাসনা রানী মুহুরী ও প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

 

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পৃথিবীর দেশে দেশে দুঃসময়ে বিভিন্ন হিরোর জন্ম হয়, বীরের জন্ম হয়। করোনাকালে ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবকরা আমাদের সেই দুঃসময়ের হিরো। করোনাকালে সবাই যখন ঘর খুঁজছিল, নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, তখন এই ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবকরাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঘর ছেড়েছিলেন। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা এবং স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা দিয়ে দেশের চিকিৎসা জগতে যে সাহসের সঞ্চার করেছিলেন, তা পরবর্তী করোনাযুুদ্ধ সামাল দেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছিল।

 

ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তির আলোচনা পর্ব শেষে তৃতীয়বারের মতো স্বেচ্ছাসেবী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানবিক অবদানের জন্য বিভিন্ন সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। এ বছর স্পেশাল ক্যাটাগরিতে শিল্প গ্রুপ বিএসআরএম, এলবিয়ন গ্রুপ ও শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এবং স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে সিটিজি ব্লাড ব্যাংক, স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশ, সিক্ত বাংলাদেশ ও কুলগাঁও প্রত্যাশা ক্লাবকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। চট্টগ্রামের ৫০টির অধিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র এর মধ্যে দিয়ে এই আয়োজনের শেষ হয়।

[recent_tabs]