
রিপোর্টার :মোনতাহেরুল হক আমিনঃ
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনের বসতবাড়িতে হামলা, ভাংচুর এবং একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খানখানাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ কালু মিস্ত্রির নেতৃত্বে আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এই হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ টার দিকে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের সুন্দিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতা জসিম উদ্দিনের বাড়ির দরজা জানালা ভাংচুরের পাশাপাশি একটি সিএনজি অটোরিকশাও ভাংচুর করে সন্ত্রাসীরা। পুর্ব শত্রুতার জের এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। হামলার ঘটনায় মোরশেদ আলম (৫০) ও আবদুল মোনাফ (৫৫) আহত হয়েছে। তাদের বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের সুন্দিপাড়ায় বিএনপি নেতা জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা কালু মিস্ত্রির মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রাজনৈতিক এবং আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে এই বিরোধ চলছিল বলে জানান স্থানীয়রা। এই বিরোধের জের ধরে রবিবার সকালে কালু মিস্ত্রির নেতৃত্বে তার দলবল জসিমের বাড়িতে এই হামলা চালায়।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










