কক্সবাজার সমুদ্র সৈকতে এক হিজড়াকে কান ধরে উঠবস কারানো, বেশ কয়েকজন নারী পর্যটককে হয়রানি করা ফারুকুল ইসলাম নামে সেই যুবককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। গত বুধবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় এইসব ঘটনা ঘটান ওই যুবক।
এই ঘটনার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পর্যটন পুলিশ। ভিডিও দেখে জড়িত ফারুকুলকে শনাক্ত করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বলে জানা গেছে।পরে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। বাকিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে শিক্ষার্থীদের ৫০-৬০ জনের একটি দল সন্দেহভাজন কিছু নারী ও হিজড়াদের বিচ থেকে চলে যেতে বলে। বেশিরভাগ চলে গেলেও কয়েকজন যেতে অসম্মতি জানায়। পরে তাদের মধ্যে একজনকে কান ধরে উঠবস করানো হয়।
যুবকরা জানায়, হিজড়ারা বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতিতরা।