, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের নতুন আট সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে প্রয়াত শহীদ শরিফ ওসমান বিন হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। পরে রাতে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ডিসেম্বরে শহীদ হওয়া ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুর পর সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে আজীবন মুখপাত্র হিসেবে সম্মানসূচক স্বীকৃতি দেওয়া হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের এর আগে সংগঠনের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, সদস্যসচিব নির্বাচিত ফাতিমা তাসনিম জুমা পূর্বে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে তিনি ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন।

নতুন আংশিক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহকারী মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।

এদিকে, সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাব্বিরকে এবং সদস্যসচিব হয়েছেন মাসুদুর রহমান আদনান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার এবং শাফিন শাররাজ।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত