চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নাগরিকসেবাকে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর করতে চালু করা ‘আমাদের চট্টগ্রাম’ ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নতুন এক মাইলফলক অর্জন করেছে। অ্যাপটিতে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ তথ্য জানিয়ে জানায়, নগরবাসীর আস্থা, ভালোবাসা ও সক্রিয় অংশগ্রহণের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এ জন্য নিবন্ধিত ব্যবহারকারীসহ সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।
চসিকের তথ্য অনুযায়ী, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সেবার জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি অভিযোগ দাখিল, অভিযোগ বা আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, বিভিন্ন নাগরিকসেবার তথ্য জানা এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগও রয়েছে। ফলে সেবাপ্রদান প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত, জবাবদিহিমূলক ও সময়োপযোগী হচ্ছে।
সিটি কর্পোরেশন জানায়, ডিজিটাল সেবার পরিধি বাড়াতে অ্যাপটিতে ধাপে ধাপে নতুন নতুন সেবা যুক্ত করা হচ্ছে। এতে নাগরিকদের সিটি কর্পোরেশনে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন অনেক ক্ষেত্রে কমে আসছে এবং সময় ও খরচ—দুইই সাশ্রয় হচ্ছে।
যারা এখনও অ্যাপটি ব্যবহার করেননি, তাদের গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
চসিকের ভাষ্য, নগরবাসীর সহযোগিতায় প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও সেবাবান্ধব চট্টগ্রাম গড়ে তুলতে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ডিজিটাল সেবার মান উন্নয়ন এবং নাগরিকদের আরও বেশি সেবা অ্যাপের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
আরু/
