, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

বিশ্বকাপের সংবাদ সম্মেলনে কারা ছিলেন সবচেয়ে বিরক্তিকর?

এআই প্রতিবেদনে চমক

নিজস্ব প্রতিবেদক

ম্যাচ শেষ হওয়ার পর কোচদের সংবাদ সম্মেলন ফুটবলপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ। সেখানে ম্যাচের কৌশল, সিদ্ধান্ত, আবেগ কিংবা অন্দরমহলের নানা বিষয় উঠে আসে। তবে সব কোচ সমানভাবে স্পষ্টভাষী নন। অনেকেই কঠিন প্রশ্নের উত্তরে পরিচিত ও নিরাপদ বাক্য ব্যবহার করে এড়িয়ে যান, আবার কেউ কেউ অকপটে নিজেদের মতামত তুলে ধরেন।

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রকাশিত এক এআইভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে, কোন কোচ সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি ক্লিশে বা বাঁধাধরা বাক্য ব্যবহার করেছেন এবং কারা ছিলেন সবচেয়ে খোলামেলা।

বিশ্বব্যাপী যোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান Sinch ফুটবলের জনপ্রিয় Expected Goals (xG) ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছে Expected Cliché (xC) নামের একটি বিশেষ সূচক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৬ জন প্রধান কোচের মোট ৩৯৪টি সংবাদ সম্মেলন বিশ্লেষণ করে প্রায় ১৪ হাজার ২৭০টি ক্লিশে শনাক্ত করা হয়।

বিশ্লেষণে দেখা যায়, সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি ক্লিশে ব্যবহার করেছেন অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ। আটটি সংবাদ সম্মেলনে তিনি মোট ৪৭৬টি ক্লিশে ব্যবহার করেছেন, যা প্রতি সম্মেলনে গড়ে ৫৯.৫টি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্যারাগুয়ের গুস্তাভো আলফারো, আর তৃতীয় স্থানে কেপ ভার্দের বুবিয়েস্তা।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও এই তালিকায় উপরের দিকেই রয়েছেন। বিশ্বকাপজুড়ে ১৬টি সংবাদ সম্মেলনে তিনি মোট ৮১৩টি ক্লিশে ব্যবহার করেন, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। গড়ে প্রতি সম্মেলনে তাঁর ক্লিশে ব্যবহারের সংখ্যা ছিল ৫০.৮।

বিশ্লেষকদের মতে, আমরা নিজেদের খেলাতেই মনোযোগ দিয়েছি, এটি পুরো দলের কৃতিত্ব’ কিংবা ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল না’—এ ধরনের পরিচিত বাক্যই সবচেয়ে বেশি ব্যবহার করেছেন কোচরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচের পর কঠিন প্রশ্ন এড়াতে এসব মন্তব্যের আশ্রয় নেওয়ার প্রবণতা স্পষ্ট ছিল।

 

অন্যদিকে সবচেয়ে কম ক্লিশে ব্যবহার করে নজর কেড়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ছয়টি সংবাদ সম্মেলনে তিনি গড়ে মাত্র ছয়টি ক্লিশে ব্যবহার করেছেন। তাঁর পরেই রয়েছেন কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাট এবং উজবেকিস্তানের ফ্যাবিও ক্যানাভারো।

 

বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কোচের মধ্যেও ছিল স্পষ্ট পার্থক্য। চ্যাম্পিয়ন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তুলনামূলক বেশি ক্লিশে ব্যবহার করেছেন। ১৬টি সংবাদ সম্মেলনে তাঁর গড় xC ছিল ৪৪.৬। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি গড়ে ৩০.৯টি ক্লিশে ব্যবহার করে তুলনামূলকভাবে বেশি সংযত ও স্পষ্টভাষী হিসেবে মূল্যায়িত হয়েছেন।

প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, টুর্নামেন্ট যত শেষ পর্যায়ে গড়িয়েছে এবং চাপ বেড়েছে, কোচদের ক্লিশে ব্যবহারের হারও তত বৃদ্ধি পেয়েছে। নকআউট ও সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই হার ৯ থেকে ২৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, কৌশল বা ভুল নিয়ে খোলামেলা আলোচনা এড়াতেই অনেক কোচ পরিচিত ও নিরাপদ বাক্যের আশ্রয় নিয়েছেন।

 

এই গবেষণা দেখাচ্ছে, সংবাদ সম্মেলনেও কোচদের যোগাযোগের ধরন এখন বিশ্লেষণের আওতায় চলে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শুধু মাঠের পারফরম্যান্স নয়, কোচদের ভাষা ও বক্তব্যের ধরনও এখন পরিমাপ করা সম্ভব হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত