, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে ব্যাংকের জোনাল অফিসে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজেদের জমা রাখা টাকা প্রয়োজনের সময় তুলতে না পারার অভিযোগে চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। সোমবার (২৪ আগস্ট) নগরের হালিশহর এলাকায় ব্যাংকটির জোনাল অফিসে সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শতাধিক আমানতকারী অংশ নেন। কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন এলাকার গ্রাহকেরা এতে যোগ দেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকে টাকা জমা থাকলেও প্রয়োজন অনুযায়ী তা উত্তোলন করতে পারছেন না। পাশাপাশি ব্যাংকিং সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতা ও অসহযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।

বিক্ষোভ চলাকালে সংগঠনটির অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন নিজের আমানতের টাকা তুলতে না পারার কারণে মায়ের চিকিৎসা করাতে পারছেন না বলে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, অসুস্থ মাকে কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাসায় নিতে হয়েছে। কিন্তু জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংকে জমা থাকলেও তা তুলতে না পারায় তিনি বিপাকে পড়েছেন।

আমানতকারীদের অভিযোগ, শুধু আলাউদ্দিন নন, আরও অনেক গ্রাহক চিকিৎসা, পারিবারিক প্রয়োজনসহ বিভিন্ন জরুরি কাজে নিজেদের জমা করা অর্থ ব্যবহার করতে না পেরে সংকটে রয়েছেন।

সংগঠনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে তাঁরা চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করে গ্রাহকদের অভিযোগ সংগ্রহ করেছেন। তাঁদের দাবি, বিভিন্ন শাখায় টাকা উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং সেবা নিতে গিয়ে গ্রাহকেরা সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন।

পরে জোনাল অফিসের কর্মকর্তাদের সঙ্গে আমানতকারীদের প্রতিনিধিদের আলোচনা হয়। সংগঠনের দাবি, আলোচনার পর উপস্থিত গ্রাহকদের মধ্যে প্রায় ৬৬ জনের অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমানতকারীরা নিজেদের অর্থ তুলতে না পেরে আর্থিক ও মানসিক চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারায় অনেক পরিবার সমস্যায় পড়েছে। দ্রুত এ সংকটের সমাধান করে স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।

কর্মসূচিতে সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মে মাসেও চট্টগ্রামের খাতুনগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় আমানত ফেরত ও ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভের ঘটনা ঘটেছিল।

এদিকে, পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ১০ আগস্ট থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামগ্রিক পরিচালন ও প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছে বলে ব্যাংকটির করপোরেট তথ্যে উল্লেখ করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত