নগরের দুই নম্বর গেট এলাকায় রেললাইনে থাকা এক শিশুকে সরিয়ে দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন ওরফে মিন্টু নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটিও গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে দুই নম্বর গেট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। তিনি ওই এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ১০ বছরের শিশু মো. রাহাত রেললাইনে উঠে পড়লে তাকে সরিয়ে নিতে দেলোয়ার দ্রুত এগিয়ে যান। তিনি শিশুটিকে ধাক্কা দিয়ে রেললাইন থেকে সরিয়ে দিতে সক্ষম হলেও নিজে ট্রেনের সামনে পড়ে যান।
এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়েছে।
আহত রাহাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন দে জানান, শিশুটিকে বাঁচাতে গিয়ে ওই শ্রমিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরে তার মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতি/
