রাজধানীর গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন।
পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীদের দিক থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনার পর অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এদিকে, গুলশান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দুজনকে আটকের তথ্যও জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়তে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, মিছিল ঠেকানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতি/
